ভারতে ক্রিকেট ও বিনোদন জগতের সম্পর্ক বহুদিনের। মনসুর আলী খান পতৌদি-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে বিরাট কোহলি-আনুষ্কা শর্মা-নয়াদিল্লি থেকে মুম্বাই, মাঠ ও রূপালী পর্দার রোমান্স বারবার আলোচনার জন্ম দিয়েছে। তবে সব গুঞ্জনের পরিণতি বাস্তব সম্পর্কে গড়ায়নি। তেমনই দীর্ঘদিনের আলোচিত একটি গুঞ্জন ছিল অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সম্পর্ক নিয়ে।
২০০৮ সালে শুরু হওয়া সেই জল্পনার প্রায় ১৮ বছর পর অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন ব্রেট লি। সম্প্রতি একটি বাণিজ্যিক শুটিংয়ের কাজে মুম্বাই সফরে গিয়ে বোম্বে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দীর্ঘদিনের গুঞ্জনের অবসান টানেন।
ব্রেট লি বলেন, আপনাদের জন্য আসল খবর হলো, আমি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি জিনতা ও আমি দারুণ বন্ধু ছিলাম, এখনও আছি।
যেভাবে ছড়ায় প্রেমের গুঞ্জন
ঘটনার সূত্রপাত ২০০৮ সালে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী আসরে। সে সময় কিংস ইলেভেন পাঞ্জাবে (বর্তমান পাঞ্জাব কিংস) যোগ দেন ব্রেট লি এবং ২০১০ সাল পর্যন্ত দলটির হয়ে খেলেন। অন্যদিকে, প্রীতি জিনতা ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম মালিক। মাঠে এবং মাঠের বাইরে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় দুজনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়।
আমি সত্যটা জানতাম
সম্পর্ক নিয়ে দীর্ঘদিন নীরব থাকলেও ব্রেট লি জানিয়েছেন, এসব গুঞ্জন তাকে কখনো বিচলিত করেনি। তার ভাষায়, তখন প্রীতি পাঞ্জাব দলের মালিক ছিল। ও ভীষণ বুদ্ধিমতী একজন নারী এবং তার প্রতি আমার অনেক সম্মান রয়েছে। এসব গল্প আমাকে কখনো ভাবায়নি, কারণ আমি সত্যটা জানতাম। মানুষ যত খুশি গুঞ্জন ছড়াতে পারে, তবে আমি কখনোই এগুলোকে নিজের ওপর প্রভাব ফেলতে দিইনি।
প্রীতি যা বলেছিলেন
যদিও ব্রেট লি এতদিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন, প্রীতি জিনতা ২০১০ সালেই এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। সে সময় এক সাক্ষাৎকারে বিরক্তি প্রকাশ করে তিনি বলেছিলেন, আমার মনে হয় প্রতিবছর ব্রেটের সঙ্গে আমার প্রেমের গুঞ্জন ছড়ানোটা বেশ পুরোনো এবং বাসি খবর হয়ে গেছে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এখানে নতুন কোনো খবর নেই। আমরা শুধুই বন্ধু।
ব্যক্তিগত জীবনে ব্রেট লি
ব্যক্তিগত জীবনে ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন। তাদের একটি পুত্রসন্তান রয়েছে। তবে বিয়ের দুই বছরের মাথায় সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। বর্তমানে তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।
রূপালি পর্দায় ফিরছেন প্রীতি
অন্যদিকে, অভিনয়ে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা। যদিও আইপিএলে পাঞ্জাব কিংসের গ্যালারিতে তার উপস্থিতি নিয়মিত দেখা যায়, এবার তাকে দেখা যাবে নতুন সিনেমা বাটওয়ারা ১৯৪৭-এ। সানি দেওলের বিপরীতে অভিনীত ছবিটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আজকের সিলেট/বিএন/ জেকেএস
বিনোদন ডেস্ক 








