সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম নিয়ে নতুন করে ৭৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০৪ জন সন্দেহভাজন রোগী।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত ও সন্দেহভাজন হিসেবে মোট ১২০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত হাম ও রুবেলা পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৫৬ জন, সুনামগঞ্জে ৩৫১ জন, হবিগঞ্জে ৮৫ জন (এর মধ্যে দুইজন রুবেলায় আক্রান্ত) এবং মৌলভীবাজারে ৮২ জন শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









