জৈন্তাপুরে বিজিবির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ AM

জৈন্তাপুরে বিজিবির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ০১:৪৬:২২ PM

জৈন্তাপুরে বিজিবির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত


জৈন্তাপুর উপজেলায় ৪৮ বিজিবির একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৫) নামে বিকন ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মৃত্যু হয়েছে। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহত সাদ্দাম হোসেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা। 

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সারিঘাট এলাকার সরুফৌদ পাথরঘাটা মসজিদসংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সাদ্দাম হোসেন জৈন্তাপুর বুথে কোম্পানির টাকা জমা দিয়ে মোটরসাইকেলযোগে নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকা দরবস্তের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এসময় সিলেটের আখালিয়া থেকে ৪৮ বিজিবির একটি টিম নিয়মিত সীমান্ত টহল ও দায়িত্ব পালনের অংশ হিসেবে তামাবিলের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে ৪নং দরবস্ত ইউনিয়নের  সারিঘাট এলাকার সরুফৌদ পাথরঘাটা মসজিদসংলগ্ন স্থানে বিজিবির গাড়ি (নিবন্ধন নম্বর: সিলেট হ-১১-০০৩২) এবং সাদ্দাম হোসেনের মোটরসাইকেল (নিবন্ধন নম্বর: ঢাকা মেট্রো-হ-৭৫-০১৯৮) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিকন ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার আবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর