নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযান, অপহৃত ৩০৮ নাগরিক উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৬ AM

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযান, অপহৃত ৩০৮ নাগরিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ১০:০২:৪১ AM

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযান, অপহৃত ৩০৮ নাগরিক উদ্ধার


নাইজেরিয়ায় গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে। এ অভিযানে অপহৃত ৩০০ জনের বেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। দেশটির সরকারের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। নাইজেরিয়ার প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা এক বিবৃতিতে বলেন, নাইজার ও কোয়ারা রাজ্যের বিভিন্ন স্থান থেকে তাদের অপহরণ করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অপহৃত ৩০৮ জন নাইজেরীয় নাগরিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ১৬৩ জনকে কোয়ারা রাজ্যের কাইয়ামা স্থানীয় সরকার এলাকার ওরো সম্প্রদায় থেকে এবং ১৪৫ জনকে নাইজার রাজ্য থেকে অপহরণ করা হয়েছিল।

এতে আরও বলা হয়েছে, একটি সমন্বিত ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে নাইজার রাজ্যের নিউ বুসা স্থানীয় সরকার এলাকার কাইঞ্জি লেক ন্যাশনাল পার্কের বন থেকে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে। দেশটির জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র এ অভিযান পরিচালনা করে। এতে সশস্ত্র বাহিনী, পুলিশ এবং রাষ্ট্রীয় সেবা বিভাগের সদস্যরা অংশ নেন।নাইজেরিয়ার যৌথ নিরাপত্তা দলের পরিচালিত এক দিনের অভিযানে এটিই এ পর্যন্ত সবচেয়ে বড় উদ্ধার অভিযান।

স্থানীয় সংবাদমাধ্যম অ্যারাইজ নিউজ জানিয়েছে, বেনিন সীমান্তবর্তী কোয়ারা রাজ্য সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ উদ্ধার অভিযানকে স্বাগত জানিয়েছে। কাইয়ামার স্থানীয় সম্প্রদায়ের ওপর গত ৩ ফেব্রুয়ারি  হামলা চালিয়ে বাসিন্দাদের অপহরণ করে অস্ত্রধারীরা। তাদের মুক্তির ঘোষণা দিয়ে কোয়ারা রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু, জিসিএফআর, নিরাপত্তা বাহিনী এবং এই বিশাল সাফল্যে ভূমিকা রাখা প্রত্যেককে অভিনন্দন। আমরা কৃতজ্ঞ। নাইজেরিয়াভিত্তিক পাঞ্চ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন বোকো হারাম-সংশ্লিষ্ট জঙ্গিরা কয়েক ঘণ্টাব্যাপী সমন্বিত হামলা চালালে অন্তত ২০০ জন নিহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী গোষ্ঠী, বোকো হারাম-সংশ্লিষ্ট যোদ্ধা এবং দস্যু হিসেবে পরিচিত দলগুলোর মুক্তিপণের জন্য অপহরণ নাইজেরিয়ায় একটি বড় সংকটে পরিণত হয়েছে। যেসব এলাকায় রাষ্ট্রীয় বাহিনীর উপস্থিতি কম, সেসব এলাকায় এ সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। স্কুল, গির্জা ও মসজিদের মতো সহজ লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হচ্ছে। যেসব এলাকায় রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা সীমিত, সেসব এলাকায় ঝুঁকি আরও বেশি।

এর আগে গত ১৮ জানুয়ারি কাদুনা রাজ্যের কুরমিন ওয়ালি গ্রামের তিনটি গির্জা থেকে ১৭৭ জনকে অপহরণ করা হয়। এছাড়া গত মাসে নিরাপত্তা বাহিনী দক্ষিণাঞ্চলীয় ওয়ো রাজ্য থেকে মে মাসে অপহৃত অন্তত ৪০ জন ছাত্রছাত্রী ও শিক্ষককে উদ্ধার করে।

গত জুনে প্রেসিডেন্ট বলেন, সেনাবাহিনী গত এক বছরে ১৩ হাজারের বেশি ‘সন্ত্রাসীকে’ ‘নিষ্ক্রিয়’ করেছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা বোকো হারামের অপহরণ করা ৩৬০ জনকে উদ্ধার করেছে। গোষ্ঠীটির কার্যক্রম বোরনো রাজ্য থেকে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, এই গোয়েন্দা অভিযানের সফল বাস্তবায়ন আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর ক্রমবর্ধমান দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার প্রমাণ। তিনি নাইজেরীয়দের জীবন রক্ষায় নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও দৃঢ়তার ভূয়সী প্রশংসা করেন।

আজকের সিলেট/ডিপি/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর