মিয়ামির জয়ে অপ্রতিরোধ্য মেসি, করলেন জোড়া গোল ও একটি অ্যাসিস্ট
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২১ AM

মিয়ামির জয়ে অপ্রতিরোধ্য মেসি, করলেন জোড়া গোল ও একটি অ্যাসিস্ট

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০৯:১৬:৩৬ AM

মিয়ামির জয়ে অপ্রতিরোধ্য মেসি, করলেন জোড়া গোল ও একটি অ্যাসিস্ট


ফিফা বিশ্বকাপ শেষে ইন্টার মিয়ামিতে ফিরেই নিজের চেনা ছন্দে দেখা দিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার জোড়া গোল ও একটি অ্যাসিস্টে লিগস কাপ ২০২৬-এর প্রথম ম্যাচে আতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে ইন্টার মায়ামি।

মিয়ামির নু স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৪ মিনিটেই ডেভিড রদ্রিগেজের হেডে এগিয়ে যায় মেক্সিকান ক্লাব সান লুইস। তবে সেই লিড বেশিক্ষণ টিকতে দেয়নি মিয়ামি। ম্যাচে নিজের দ্বিতীয় উপস্থিতিতেই নোয়া অ্যালেনের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান মেসি। এরপর ২৪তম মিনিটে আবারও অ্যালেনের তৈরি করা আক্রমণ থেকে তেলাস্কো সেগোভিয়া গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

প্রথমার্ধের শেষদিকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। অ্যালেনের পাস পেয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কাছ থেকে বল জালে জড়িয়ে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপর মেসির কর্নার থেকে মিকায়েলের হেডে আরও একটি গোল পেয়ে বিরতিতে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। দ্বিতীয়ার্ধে সার্জিও দূরপাল্লার দুর্দান্ত শটে সান লুইসের হয়ে একটি গোল শোধ করলেও ভারী বৃষ্টির কারণে খেলা কিছু সময় বন্ধ থাকার পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।

এই জোড়া গোলের মাধ্যমে মেসি লিগস কাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন। ২০২৩ সালে প্রতিযোগিতার নতুন ফরম্যাট চালুর পর এখন পর্যন্ত তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪, যা লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গার চেয়ে একটি বেশি। এছাড়া লিগস কাপে এটি ছিল মেসির ১২ ম্যাচে পঞ্চমবারের মতো এক ম্যাচে একাধিক গোল করার কীর্তি।

এদিকে, নোয়া অ্যালেন নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ম্যাচে তিনটি অ্যাসিস্ট করেন। বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর বিশ্রাম শেষে ক্লাবে ফিরে প্রথম একাদশে নেমেই দারুণ পারফরম্যান্সে দলকে জয় উপহার দিলেন মেসি। লিগস কাপে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ শনিবার, প্রতিপক্ষ মেক্সিকোর শক্তিশালী ক্লাব মন্টেরে।

আজকের সিলেট/জেএন/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর