ছাত্র-জনতার অভ্যুত্থানের দুই বছর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট অঞ্চলের সাবেক প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্যদের রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। একসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এসব নেতার কেউ কারাগারে, কেউ জামিনে মুক্ত থেকে আইনি লড়াই চালাচ্ছেন, আবার কেউ দেশের বাইরে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া কয়েকজনের অবস্থান প্রকাশ্যে জানা না গেলেও তারা দেশের ভেতরেই রয়েছেন বলে স্বজনদের দাবি।
সিলেটের চার জেলার বিভিন্ন সূত্রে জানা যায়, ২০২৪ সালের অক্টোবরে গ্রেফতার হওয়া সিলেট-৪ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ, মৌলভীবাজার-৪ আসনের সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বর্তমানে বিভিন্ন হত্যা ও সহিংসতার মামলায় কারাগারে রয়েছেন। ব্যারিস্টার সুমন জামিনের চেষ্টা করলেও অন্য মামলায় আটক থাকায় মুক্তি পাননি।
অন্যদিকে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (সিলেট-১) কয়েক মাস দেশে অবস্থান করার পর যুক্তরাষ্ট্রে গেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তিনি মাঝে-মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় থাকেন। সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে। সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও যুক্তরাজ্যে রয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ভারত ও মালয়েশিয়ায় অবস্থান করে দলীয় কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এছাড়া সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির, মৌলভীবাজারের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান এবং সাবেক আমলা ও সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক যুক্তরাজ্য, ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন বলে জানা গেছে।
সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেফতারের পর আদালত থেকে জামিন পেয়ে নিজ এলাকায় থেকে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। একই ধরনের পরিস্থিতিতে রয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকও।
এদিকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সাবেক সংসদ সদস্য জয়া সেনগুপ্তা দেশের ভেতরেই রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাতে তারা অনাগ্রহ প্রকাশ করেছেন।
বিদেশে অবস্থান
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (যুক্তরাষ্ট্র), সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী (যুক্তরাজ্য), সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব (যুক্তরাজ্য), আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল (ভারত ও মালয়েশিয়া), সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার (যুক্তরাজ্য), মোয়াজ্জেম হোসেন রতন, মো. আবু জাহির (যুক্তরাজ্য), মোহাম্মদ জিল্লুর রহমান (যুক্তরাজ্য) এবং ড. মোহাম্মদ সাদিক দেশের বাইরে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
কারাগারে
সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বিভিন্ন মামলায় গ্রেফতারের পর বর্তমানে কারাগারে রয়েছেন।
জামিনে
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক একাধিক মামলায় গ্রেফতারের পর বর্তমানে জামিনে মুক্ত থেকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।
দেশে অবস্থান
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সাবেক সংসদ সদস্য জয়া সেনগুপ্তা দেশের ভেতরেই রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন। তবে তাদের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
আজকের সিলেট/ জেকেএস









