জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে শহিদদের প্রতি প্রশাসন ও সর্বস্তরের শ্রদ্ধা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ PM

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে শহিদদের প্রতি প্রশাসন ও সর্বস্তরের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ০১:৩৫:৪৭ PM

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে শহিদদের প্রতি প্রশাসন ও সর্বস্তরের শ্রদ্ধা


সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আহত জুলাই যোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যরা। বুধবার ভোরে নগরীর রিকাবীবাজারস্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। পরে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পৃথকভাবে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সিসিক প্রশাসক।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অনেক রক্তের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তাই এ দেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা করলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

তিনি আরও বলেন, ৪ আগস্ট সিলেটে ফ্যাসিস্ট শক্তি রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল। সেদিন আমরা অনেক সহযোদ্ধাকে হারিয়েছি, অনেকে আহত হয়েছেন, কেউ কেউ চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। গোলাপগঞ্জ, বিয়ানীবাজার এবং সিলেটে অনেকেই শহিদ হয়েছেন। তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সিসিক প্রশাসক বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। এ আন্দোলনের পথে এম. ইলিয়াস আলীসহ অনেক নেতাকর্মী গুম হয়েছেন, অসংখ্য মানুষ শহিদ ও আহত হয়েছেন। কিন্তু গণতন্ত্রকামী মানুষ কখনো আন্দোলন থেকে পিছিয়ে যাননি। শেষ পর্যন্ত জনগণের বিজয়ই প্রতিষ্ঠিত হয়েছে।

পরে একে একে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেটের সিভিল সার্জন ডা. মাহবুবুল আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও জুলাই শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) সুমন চন্দ্র দাশ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নুসরাত লায়লা নীরা, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর