ফেঞ্চুগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সুবেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সুবেল মিয়া উপজেলার সদর ইউনিয়নের ছত্তিশ গ্রামের মৃত বাকু মিয়ার ছেলে।
বুধবার সকাল ৯টার দিকে সদর হাসপাতাল সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা সেতুর দক্ষিণ পাড় (ফেরিঘাট) থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন সুবেল মিয়া।
ঘটনাস্থলে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা হাসপাতাল সড়কের মোড়ে ঢোকার সময় সুবেলের মোটরসাইকেল সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সুবেল রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আছড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার কোনো দোষ ছিল না। এ কারণে নিহতের স্বজনরা মামলাও করবেন না।
তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি 








