বন্যাদুর্গত ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ PM

বন্যাদুর্গত ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৭/২০২৬ ০৭:৫৭:৩৮ PM

বন্যাদুর্গত ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন


সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় গণপ্রজাতন্ত্রী চীন সরকার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) কাছে ১ লাখ মার্কিন ডলার সমমূল্যের মানবিক অনুদান হস্তান্তর করেছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উভয় পক্ষ মানবিক সহযোগিতা, দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক অংশীদারিত্ব এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহায়ক (Auxiliary to the Government) সংস্থা হিসেবে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সাতটি মৌলিক নীতির আলোকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, চীন সরকারের এই মানবিক অনুদান কেবল বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না, বরং বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং মানবিক সহযোগিতার উজ্জ্বল প্রতিফলন হিসেবেও বিবেচিত হবে।

ব্যারিস্টার এম. এ. সালাম আরও বলেন, বাংলাদেশ-চীন সম্পর্কের দৃঢ় ভিত্তি নির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। পরবর্তীকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ সম্পর্ক আরও সম্প্রসারিত হয়। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফরের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরও দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন গতি দিয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, মানবিক সহযোগিতার এই বন্ধন ভবিষ্যতেও দুই দেশের জনগণের কল্যাণে আরও সুদৃঢ় হবে এবং দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের পাশে থাকতে চীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, এই সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি মানবিক চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয়, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের পাশাপাশি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় মাঠপর্যায়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর