গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আদিল আহমদ | ছবি : সংগৃহীত
সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝেও ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দুবাই প্রবাসী আদিল আহমদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নসহ গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে সমাজে প্রতিষ্ঠিত করা।
মঙ্গলবার (২৬ মে) ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদিল আহমদ বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য আত্মত্যাগ ও মানবিকতার এক মহান দৃষ্টান্ত। এই ঈদের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত কোরবানির আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া। ঈদের আনন্দ যেন সকল মানুষের ঘরে পৌঁছে যায়, সেদিকে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
আদিল আহমদ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে তিনি গোয়াইনঘাটবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
আজকের সিলেট/এটিআর
আজকের সিলেট ডেস্ক 








