সিলেটে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকারের তদারকির কারণে অধিকাংশ শিল্পকারখানায় শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে এবং শ্রমিকরা হাসিমুখে বাড়ি ফিরছেন। একই সঙ্গে তিনি বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণাকারীদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও জানান।
মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ-এ ঈদুল আজহার জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “একটা দেখান আমাকে, কোন মিল বা কারখানায় সমস্যা হয়েছে। আমি নিজে খোঁজখবর রাখছি। এখন পর্যন্ত ৯৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কিছু কিছু মিলের মালিক মে মাসের বেতন দেওয়ার সময় না হলেও ১৫ দিনের অগ্রিম পরিশোধ করে দিয়েছেন। দুই-চারটি মিল ছাড়া আর কোথাও কোনো সমস্যা নেই।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে গত ঈদেও শ্রমিকরা হাসিমুখে বাড়ি ফিরেছে। এবারও ইনশাআল্লাহ সবাই তাদের ন্যায্য পাওনা নিয়েই বাড়িতে যাচ্ছে।
শ্রমিকদের পাওনা নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, ‘কোন সংবাদে, কার সংবাদে একটা দেখান আমাকে। আমি মাঠে আছি, নিয়মিত তদারকি করছি।’
এ সময় বিদেশে চাকরির নামে প্রতারণার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। এ ধরনের জালিয়াতির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে মন্ত্রী বলেন, ‘শাহী ঈদগাহে নামাজ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃষ্টি হলেও জামাত অনুষ্ঠিত হবে।’ তিনি নগরবাসীকে কোরবানির বর্জ্য যথাস্থানে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘কোরবানির চামড়া ও বর্জ্য কোনো অবস্থাতেই ড্রেন বা খোলা জায়গায় ফেলা যাবে না। সবাই নির্ধারিত স্থানে রাখবেন, যাতে পরিচ্ছন্নতাকর্মীরা সহজে সেগুলো অপসারণ করতে পারেন।’
তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে শাহী ঈদগাহের প্রধান জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বদরুজ্জামান প্রমুখ।
আজকের সিলেট/এপি









