ঈদ যত ঘনাচ্ছে, তত জমছে সিলেটের পশুর হাট
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২১ PM

ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, শেষ সময়ে বাড়বে বিক্রি-আশাবাদী বেপারিরা

ঈদ যত ঘনাচ্ছে, তত জমছে সিলেটের পশুর হাট

মো: ফারুক মিয়া

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ০৩:৩৬:০৯ PM

ঈদ যত ঘনাচ্ছে, তত জমছে সিলেটের পশুর হাট

ছবি: আজকের সিলেট


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে সিলেট নগরীর পশুর হাটগুলো। ঈদের আর মাত্র দু’দিন বাকি থাকায় হাটে বাড়ছে ক্রেতাদের ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন পশুর হাটে নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষকে কোরবানির পশু কিনতে দেখা যাচ্ছে।

হাট ঘুরে দেখা গেছে, এবার ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকারের গরু। অনেকে পশুর দাম যাচাই-বাছাই করে কিনছেন নিজেদের পছন্দ অনুযায়ী। তবে বেশিরভাগ ক্রেতার অভিযোগ, অন্যান্য বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা বেশি। যদিও ঈদের এখনও দু’দিন বাকি থাকায় শেষ সময়ে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন তারা।

ক্রেতারা জানান, সাধ্যের মধ্যে ভালো পশু কিনতেই তারা বিভিন্ন হাট ঘুরে দেখছেন। কেউ কেউ পছন্দমতো গরু পেয়ে কিনেও নিচ্ছেন।


অন্যদিকে, বিক্রেতারা বলছেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় ঈদের আগের দিনগুলোতেই সবচেয়ে বেশি বেচাকেনা হয়। তাই শেষ মুহূর্তে ক্রেতার সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী তারা। অনেক বেপারি সামান্য লাভে গরু বিক্রি করে দিচ্ছেন বলেও জানা গেছে।

হাট-সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার কাজিরবাজার পশুর হাটে নতুন ইজারাদাররা রসিদের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করেছেন। এতে ক্রেতা ও বিক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন।

এছাড়া হাটে নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুলিশি নজরদারির পাশাপাশি বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং রাখা হয়েছে জাল নোট শনাক্তকরণ ব্যবস্থাও।

সবমিলিয়ে, ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে সিলেটের পশুর হাটগুলো।

আজকের সিলেট/এপি/ফামি

সিলেটজুড়ে


মহানগর