শাবিপ্রবির সড়ক সংস্কারে পরিদর্শনে ভিসি
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৮ PM

শাবিপ্রবির সড়ক সংস্কারে পরিদর্শনে ভিসি

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ০৭:৫৬:৪০ PM

শাবিপ্রবির সড়ক সংস্কারে পরিদর্শনে ভিসি


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর প্রধান ফটক থেকে শুরু করে সৈয়দ মুজতবা আলী হল পর্যন্ত অভ্যন্তরীণ সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীকে সাথে নিয়ে উক্ত সড়কটির আনুমানিক এক কিলোমিটার এলাকা সরজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ সড়কটি সরকারি নিয়ম মেনে ওপেন টেন্ডারের (দরপত্র) মাধ্যমে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করার ব্যাপারে মাননীয় ভাইস চ্যান্সেলরকে আশ্বস্ত করেন।

এই এক কিলোমিটার সড়কের বেহাল দশা দীর্ঘদিনের একটি বড় সমস্যা, যা নিয়ে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নবনিযুক্ত মাননীয় মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন। উল্লেখ্য, বর্তমান মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় পূর্বে এই বিশ্ববিদ্যালয়েরই একজন সম্মানিত শিক্ষক ছিলেন। ফলে বিশ্ববিদ্যালয়ের ভেতরের এই দীর্ঘদিনের সমস্যা ও শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ সম্পর্কে তিনি পূর্ব থেকেই সম্পূর্ণ অবগত ছিলেন। 

ক্যাম্পাসের এই অন্যতম বড় সমস্যাটি দ্রুত সমাধানের লক্ষ্যে গতকাল (সোমবার) মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সাথে ফোনে কথা বলেন এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তাটি জরুরি ভিত্তিতে করার জন্য বিশেষ অনুরোধ জানান। ভাইস চ্যান্সেলর মহোদয়ের এই তাৎক্ষণিক অনুরোধে সাড়া দিয়েই আজ সিটি কর্পোরেশনের প্রকৌশলী দল ক্যাম্পাস পরিদর্শনে আসেন। 

পরিদর্শন শেষে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করার তাগিদ দেন। সড়কটি দ্রুত সংস্কার হলে ক্যাম্পাসের সার্বিক যোগাযোগ ব্যবস্থা ও সাধারণ শিক্ষার্থীদের যাতায়াত অনেকাংশে সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, শাহপরান হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আকরব আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তবৃন্দ।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর