মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাউয়াছড়ার বাঁধ ভেঙে গেছে। এতে আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, টানা তিন দিনের ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলের চাপ বেড়ে গিয়ে লাউয়াছড়ার বাঁধটি ভেঙে পড়ে। এরপর দ্রুতগতিতে পানি লোকালয়ে ঢুকে পড়ে ভানুবিল ও ছনগাঁও গ্রাম প্লাবিত হয়। এতে ছনগাঁও–ভানুবিল সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পাশাপাশি একাধিক অভ্যন্তরীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগীরা জানান, আকস্মিক ঢলের পানিতে ঘরবাড়ি ও আশপাশের আঙিনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভানুবিল গ্রামের বাসিন্দা আলী হোসেন ও ছনগাঁও গ্রামের রাধা কান্ত সিংহ বলেন, ঢলের পানিতে তাদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ৭০ থেকে ৮০টি বাড়ির আঙিনা পানিতে তলিয়ে গেছে। গ্রামের একাধিক সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিস্থিতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আজকের সিলেট/এপি









