শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর নবনিযুক্ত মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছে সাস্টিয়ান ক্লাব।
সোমবার বিকেলে ভাইস চ্যান্সেলরের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সাস্টিয়ান ক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে অভিনন্দন জানিয়ে তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সাস্টিয়ান ক্লাবসহ অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এছাড়া নিজ বিশ্ববিদ্যালয়ে সাস্টিয়ানরা যেন যোগ্যতা ও মেধার ভিত্তিতে মূল্যায়িত হন এবং বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পান, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে পাশে থাকার কথাও জানান তারা।
মতবিনিময় সভায় মাননীয় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিবেশ সম্প্রসারণ এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রম জোরদারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাস্টিয়ানদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, সরকার আমাকে এখানে পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ভালো কাজ করছেন, আমিও তাঁর নির্দেশনা অনুসরণ করে কাজ করতে চাই। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উন্নত খাবার ও পরিবেশ নিশ্চিত করতে চাই। শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে যেন তারা নিয়মিত ক্লাস নেন এবং দ্রুত ফলাফল প্রকাশ নিশ্চিত করেন। সাস্টিয়ান ক্লাব, অ্যালামনাইসহ সবার সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই।
এ সময় সাস্টিয়ান ক্লাবের সভাপতি মখদ্দুছ আলী, সাধারণ সম্পাদক মখলিছুর রহমান পারভেজসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি
শাবি প্রতিনিধি 








