গোপালটিলা দেবত্ব সম্পত্তিতে চুরি, ‘দখল ষড়যন্ত্রের’ অভিযোগ
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৬ AM

গোপালটিলা দেবত্ব সম্পত্তিতে চুরি, ‘দখল ষড়যন্ত্রের’ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ১০:০৮:২৬ PM

গোপালটিলা দেবত্ব সম্পত্তিতে চুরি, ‘দখল ষড়যন্ত্রের’ অভিযোগ


সিলেট নগরীর গোপালটিলা এলাকার দেবোত্তর সম্পত্তিতে আবারও চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় শ্রী শ্রী গোপালজিউ দেবতার ভাড়াটিয়া ঘরের সম্পূর্ণ বৈদ্যুতিক ওয়্যারিং খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালটিলা দেবত্ব সম্পত্তিতে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। বিশেষ করে শ্রী শ্রী গোপালজিউ আখড়া ও দুর্গামন্দিরে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ ঘটনায় ভাড়াটিয়া ঘরের বৈদ্যুতিক সংযোগের সম্পূর্ণ তার খুলে নিয়ে যাওয়ায় ক্ষতির পরিমাণও উল্লেখযোগ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঘটনার পর এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও স্থানীয় কমিটির সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করছেন, এটি শুধুমাত্র বিচ্ছিন্ন চুরির ঘটনা নয়; বরং দেবোত্তর সম্পত্তি দখলের উদ্দেশ্যে একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হতে পারে।

এ বিষয়ে কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি দোলন দেব বলেন, এটি চুরি নয়, গভির ষড়যন্ত্র অংশ বলে আমরা মনে করি। ৫০ বছর ধরে দেবত্ব সম্পত্তি কিছু ভূমিখেকো চক্র এ সম্পত্তি দখল করার চক্রান্ত করছে।

এ বিষয়ে কমিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি পুরকায়স্থ বলেন, এমন ঘটনা নিয়ে শাহপরান থানায় ইতোমধ্যে পাঁচটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রতিকার বা অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি। এতে আমরা উদ্বিগ্ন ও আতঙ্কিত।

তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে দেবোত্তর সম্পত্তিতে চুরি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। এতে করে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে জুয়েল চৌধুরী বলেন, গোপালটিলা দেবত্ব সম্পত্তিতে বৈদ্যুতিক লাইন চুরির ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে কিছু বৈদ্যুতিক তার ও সংযোগ চুরির তথ্য পাওয়া গেছে। কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি (জিডি) করলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন আখড়া পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক টিটন মল্লিক, সদস্য কানুদেব,প্লাবন ভট্রাচায্য পাপ্পু প্রমূখ। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর