হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কের জগদীশপুর বিট কাম চেক স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৫০টি মেহগনি বল্লী (গোল কাঠ) ভর্তি একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মাধবপুর উপজেলার রঘুনন্দন বন রেঞ্জের পরিচালিত এক অভিযানে এসব অবৈধ মেহগনি বল্লী জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সিলেট বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. আব্দুর রহমানের নির্দেশনায় রঘুনন্দন বন রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এম এইচ রহু ইয়ানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন জগদীশপুর বন বিট কর্মকর্তা (ডেপুটি ফরেস্ট রেঞ্জার) জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল সিলেট-ঢাকা মহাসড়কের জগদীশপুর বন বিট কাম চেক স্টেশন এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২২-০৩৫১) থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বন বিভাগের সদস্যরা তাকে আটক করেন এবং ট্রাকটি তল্লাশি করে ২৫০টি মেহগনি বল্লী উদ্ধার করেন।
আটক ব্যক্তি মো. সবরুজ্জামান বলে বন বিভাগ জানিয়েছে।
অভিযান পরিচালনাকারী সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এম এইচ রহু ইয়ান বলেন, একটি অসাধু চক্র বন আইন অমান্য করে রাতের আঁধারে মহাসড়ক ব্যবহার করে অবৈধভাবে বনজ গাছ পাচারের চেষ্টা করছে। এসব অপরাধ দমনে বন বিভাগের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, উদ্ধার করা মেহগনি বল্লীসহ ট্রাকটি জব্দ করে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বনজ সম্পদ রক্ষায় এবং গাছ চোর ও পাচারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








