ছাতকে অবৈধ বালু পরিবহনের দায়ে ৪টি স্টীল নৌকা আটক, জরিমানা আদায়
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০০ AM

ছাতকে অবৈধ বালু পরিবহনের দায়ে ৪টি স্টীল নৌকা আটক, জরিমানা আদায়

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০৫:২৪:২৮ PM

ছাতকে অবৈধ বালু পরিবহনের দায়ে ৪টি স্টীল নৌকা আটক, জরিমানা আদায়


সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪টি ইঞ্জিন চালিত স্টীলের নৌকাসহ চার ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মো. আলামিন (২৬), একই গ্রামের আবদুল আহাদ (২৯), সুনামগঞ্জের ছাতক উপজেলার বারকাহন গ্রামের কওছর উদ্দিন (৪৫) ও জামালগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের মো. আশরাফ (৩৪)।

রোববার ভোরে সিলেটের কোম্পানী গঞ্জ উপজেলার উৎমাছড়া এলাকায় এই অভিযান চালায় যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একটি চক্র উৎমাছড়া এলাকার ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে ছাতকের দিকে নিয়ে আসছে। এই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী উৎমাছড়া নামক স্থানে অবস্থান নেয় এবং ভোরে বালুবোঝাই নৌকাসহ চারজনকে আটক করে। নৌকাগুলোতে আনুমানিক ২ হাজার ঘনফুট বালু ছিল।

পরবর্তীতে ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা আদায় শেষে নৌকাগুলো তাদের প্রকৃত মালিকদের জিম্মায় দেওয়া হয়। জব্দকৃত বালু ছাতক বিআইডব্লিউটিএ ঘাটে সংরক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি রাজস্ব নিশ্চিত করার জন্য তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর