সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে একই উপসর্গে নতুন করে ১০২ জন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন দুই মৃত্যুর ফলে বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে। এদের মধ্যে দু'জন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে ৫৭ জন সিলেটের, ৫৮ জন সুনামগঞ্জের, ১৩ জন মৌলভীবাজারের এবং ২০ জন হবিগঞ্জের বাসিন্দা।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১০২ জনসহ এসব রোগীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আক্রান্তদের প্রায় ৯৫ শতাংশই অসচেতনতা ও কুসংস্কারের কারণে টিকা নেয়নি। ফলে টিকাদানের বাইরে থাকা জনগোষ্ঠীর মধ্যেই আক্রান্তের হার বেশি দেখা যাচ্ছে।
এদিকে সিলেটের সীমান্তবর্তী এলাকা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পৌঁছাতে না পারায় এসব এলাকায় আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, হামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বা ‘লগ ফেজ’ ইতোমধ্যেই পার হয়েছে। তবে বর্তমানে রোগটির উপসর্গ ও প্রকৃতিতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









