টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ PM

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে যুবকের মৃত্যু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০৭:০০:৪০ PM

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে যুবকের মৃত্যু


সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মাজেদ পিকলু (২৪) মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও রাজশাহী জেলার ১৭ রাজশাহী সিটি করপোরেশন মধ্যনওদা পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বাবুর ছেলে।

বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাও বাজারের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, সকালে জেলার মধ্যনগর উপজেলা থেকে নিহত আব্দুল মাজেদ পিকলুসহ ১০ জন মিলে একটি পর্যটকবাহী নৌকা ভাড়ায় নিয়ে টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর উদ্দেশ্যে সকালে রওনা হন। যাওয়ার পথে সকাল ১০টার দিকে তাহিরপুরে লামাগাওয়ের নদীতে (মানাই নদী) নৌকাটি নোঙর করে। পরে সেখান থেকে খাবারের জন্য প্রয়োজনীয় পন্য সামগ্রি কেনার জন্য যায় সঙ্গে থাকা কয়েকজন। এদিকে গোসল করার জন্য নৌকা থেকে লাফ দিয়ে পানিতে নামেন কয়েকজন। এসময় গোসলে নামার পর আব্দুল মাজেদ পিকলু আর পানির নিচ থেকে ওঠেননি। এরপর থেকে তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালান স্থানীয় এলাকাবাসী। প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় এলাকাবাসী ও সঙ্গে থাকা সহযোগীরা।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ জানান, ‘টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়ার আগেই এই দুর্ঘটনার শিকার হয়েছেন। ঘটনার পর পর স্থানীয়রা অনেক চেষ্টা করে লাশ উদ্ধার করেছেন।’

তাহিরপুর থানার এসআই আবুল হাসনাত চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে নৌকাসহ তাহিরপুর থানায় নেওয়া হচ্ছে।

তাহিরপুর থানা ওসি ফারুক আহমেদ ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর