বিশ্বনাথে আজিজুর রহমান ওরফে আজিবুর (৩৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। দুর্বৃত্তরা চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে তার ওপর গুলি ছুড়লে তিনি বাম হাতে গুলিবিদ্ধ হন। আহত আজিবুর ওই ইউনিয়নের নাচুনী গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার রাতে উপজেলার দশঘর ইউনিয়নের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের লহরী ব্রিজ সংলগ্ন মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় মাছ ধরার উদ্দেশ্যে মেশিন লাগিয়ে নিজের জমি সেচ করাচ্ছিলেন আজিবুর। এরই ফাঁকে সময় কাটানোর জন্য কয়েকজন সহযোগী মিলে সড়কের পাশে বসে চা পান করছিলেন। এমন সময় পাশ ঘেষে যাওয়া একটি অটোরিকশা থেকে দুর্বত্তরা গুলি করে পালিয়ে যায়। এতে তিনি বাম হাতে গুলিবিদ্ধ হন। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, চলন্ত গাড়ি থেকে ওই যুবককে গুলি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। ঘটনার পর আহত আজিবুর সন্দেহভাজন একজনের নাম প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদের পর বুধবার (২৫ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলা করলে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হবে।
আজকের সিলেট/ডি/এসটি
বিশ্বনাথ প্রতিনিধি 








