ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
চা-বাগান’সহ উপজেলার বিভিন্ন এলাকায় ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিভিন্ন পূজামণ্ডপ। হিন্দু শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এদিন সকাল ৭টা ৭ মিনিটে শুরু হয় পঞ্চমী তিথি।
সরস্বতী দেবীকে আবার বিদ্যার বেদীও বলা হয়। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে সরস্বতী পূজা উদযাপিত হয়। পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি ও প্রসাদ গ্রহন করেন।
শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় পূজামন্ডপ পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, শ্রীমঙ্গল সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উপজেলা, এই উপজেলাকে আমরা বাংলাদেশের মডেল হিসাবে পরিচিতি করতে চাই, আমি বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে দেখেছি, এখানে অনেক মুসলিম শিক্ষক ও মুসলিম ভাইগন নির্বিঘ্নে পূজা উদযাপনে সহযোগিতা করছেন। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সার্বিক নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








