হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গভীর রাতে ডাকাতদলের হামলায় খুন হয়েছেন মহসিন মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ী। নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ ষ্টেশন রোডের গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী। তিনি উপজেলার নিশাপট গ্রামের মরহুম হাজ্বী আ.রহিম মাষ্টারের পুত্র।
সোমবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রাফি স মিল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন মিয়া দোকান বন্ধ করে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে যাবার পথে দেউন্দি ক্রস রোডে গিয়ে শুনেন রাফি স মিলের কাছে ডাকাতরা গাছ ফেলে ডাকাতি করছে। এ সময় তারা এগিয়ে গেলে ডাকাতদল তাদেরও আটক করে মোটরসাইকেল, মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।
ঘটনার সময় মহসিন মিয়া পালিয়ে যেতে চাইলে ডাকাতদল তাকে ধাওয়া করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে ডাকাতদল পালিয়ে যায়। এদিকে মহসিন মিয়াকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি মাঠের কাছে অজ্ঞান অবস্থা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি দিলীপ কান্ত নাথ নিহতের বিষয়টি নিশ্চিত করেন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
সংবাদদাতা 








