আবশেষে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য কেনা হচ্ছে সর্বাধুনিক মডেলের ২৬১ বিলাসবহুল গাড়ি। এতে সরকারের ব্যয় হবে ৩৮২ কোটি টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এসব গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো যানবাহন অধিদফতরের চাহিদাপত্র অনুযায়ী, জেলা প্রশাসকদের জন্য কেনা হবে ৬১টি গাড়ি। প্রতিটি গাড়ি কিনতে ব্যয় হবে এক কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। মোট ৬১টি গাড়ি ক্রয়ে ব্যয় হবে ৮৮ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।
আর ইউএনওদের ব্যবহারের জন্য কেনা হবে ২০০টি গাড়ি। প্রতিটি গাড়ির মূল্য ধরা হয়েছে এক কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। এতে ব্যয় হবে ২৯১ কোটি ৬৯ লাখ টাকা। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে এসব গাড়ি কেনার প্রস্তাব করা হয়েছে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৬১ জন ডিসি ও ২০০ জন ইউএনওর জন্য ২৬১টি নতুন জিপ কেনার প্রস্তাব দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে সময় মিতসুবিশি পাজেরো স্পোর্ট কিউ এক্স মডেলের প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছিল প্রায় দেড় কোটি টাকা। ৩৮১ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে দরপত্র ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে গাড়িগুলো কেনার সিদ্ধান্ত হয়েছিল। তবে সে সময় তা স্থগিত করা হয়।
আজকের সিলেট/বিএন/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








