১৪ ঘণ্টা পর দরজা ভেঙে সুনামগঞ্জে পাঁচ ছাত্রীকে উদ্ধার
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ PM

১৪ ঘণ্টা পর দরজা ভেঙে সুনামগঞ্জে পাঁচ ছাত্রীকে উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৯:৫৭:৫৪ AM

১৪ ঘণ্টা পর দরজা ভেঙে সুনামগঞ্জে পাঁচ ছাত্রীকে উদ্ধার


সুনামগঞ্জ শহরের বনানীপাড়া আবাসিক এলাকার একটি ভবনের কক্ষে প্রায় ১৪ ঘণ্টা আটকে থাকার পর পাঁচ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। স্টিলের দরজার তালা অকেজো হয়ে যাওয়ায় শুক্রবার রাত ৯টা থেকে তারা কক্ষটির ভেতরে আটকা ছিলেন। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিন তলা ভবনের তৃতীয় তলার ওই কক্ষের দরজা ভেঙে তাদের বের করে আনা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার হওয়া পাঁচ ছাত্রীই সুস্থ আছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বনানীপাড়া আবাসিক এলাকার বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও কয়লা ব্যবসায়ী মো. সামছুল হকের ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন চার ছাত্রী। তাদের মধ্যে দুজন কলেজ ছাত্রী এবং দুজন নার্সিংয়ে ভর্তিইচ্ছুক। শুক্রবার রাত ৯টার দিকে কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। ওই সময় সামছুল হকের কলেজপড়ুয়া মেয়েও কক্ষটির ভেতরে ছিলেন।

দরজার স্টিলের তালা অকেজো হয়ে যাওয়ায় পাঁচজনের কেউই আর সেটি খুলতে পারেননি। রাত থেকে কক্ষের ভেতরে আটকে থাকার পর সকালে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান বাসার মালিক সামছুল হক।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখের উপস্থিতিতে কক্ষটির দরজা ভেঙে পাঁচ ছাত্রীকে উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ বলেন, শহরের বনানীপাড়া আবাসিক এলাকার একটি বাসার তৃতীয় তলার কক্ষে পাঁচ ছাত্রী আটকা পড়েছেন এমন জরুরি ফোন পেয়ে তারা সেখানে যান। পরে সদর থানার ওসির উপস্থিতিতে দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। ছাত্রীরা সুস্থ আছেন বলেও জানান তিনি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, বেলা ১১টার পর ফায়ার সার্ভিসের কাছ থেকে ফোনে বনানীপাড়ার একটি কক্ষে পাঁচ ছাত্রী আটকা পড়ার খবর পান। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান পরিচালনা করেন এবং পরে দরজা ভেঙে ছাত্রীদের বের করে আনা হয়।

ওসি আরও বলেন, ছাত্রী ও বাসার মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত ৯টা থেকেই কক্ষটির দরজা খোলা যাচ্ছিল না। তার পর থেকে ছাত্রীরা ভেতরে আটকা ছিলেন। তবে রাতেই পুলিশ বা ফায়ার সার্ভিসকে জানানো হলে আরও আগেই তাদের উদ্ধার করা সম্ভব হতো।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর