গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, জরিমানা ৩৯ প্রতিষ্ঠানকে
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ PM

গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, জরিমানা ৩৯ প্রতিষ্ঠানকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৯:১৯:৩৭ AM

গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, জরিমানা ৩৯ প্রতিষ্ঠানকে


সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা যাচাইয়ে দেশজুড়ে বিশেষ তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। ঢাকা মহানগরসহ ১৬ জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) একযোগে এ অভিযান পরিচালনা করে অধিদফতরের ২৩টি টিম। ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করা প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ আদায় বন্ধ করতেই এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে কি না, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে দেওয়া হচ্ছে কি না এসব বিষয় খতিয়ে দেখা হয়। পাশাপাশি সিলিন্ডারের নিরাপত্তা বিধি মানা হচ্ছে কি না এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি করা হচ্ছে কি না, তাও যাচাই করেন কর্মকর্তারা।

এ সময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডার মজুত এবং সরবরাহে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা রাখার পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়েছে।

গ্যাস সিলিন্ডার কেনার সময় ভোক্তাদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। সিলিন্ডার কেনার আগে এর ওজন, সিল ও মেয়াদ পরীক্ষা করার পাশাপাশি দৃশ্যমান কোনো ত্রুটি রয়েছে কি না, তা দেখে নিতে বলা হয়েছে। মূল্যতালিকা যাচাই এবং কেনাকাটার পর রশিদ বা ভাউচার সংগ্রহের পরামর্শও দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাস সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে কোনো অনিয়ম চোখে পড়লে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানো যাবে।

বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদফতর।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর