নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের মরদেহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কলকাতার একটি গণমাধ্যমে এমপির মরদেহ উদ্ধারের খবর জানানো হয়েছে।
জানা যায়, চিকিৎসার জন্য গত ১২ মে ভারতে যান আজিম। সেখানে এক বন্ধুর বাসায় ওঠেন তিনি। পরদিন চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন এমপি আজিম।
গত ১২ মে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানার অন্তর্গত ১৭/৩ মণ্ডলপাড়া লেনের বাসিন্দা এমপি আনোয়ারুলের দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি। মূলত চিকিৎসক দেখানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে ওই বন্ধুর বাড়িতে আসেন এমপি আনোয়ারুল।
পরদিন ১৩ মে দুপুরে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। উল্টে দিল্লি গিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান তাকে আর ফোন করতে হবে না, দরকার হলে তিনি ফোন করবেন গোপাল বিশ্বাসকে। কিন্তু এরপর থেকে আর কোনোভাবেই তাকে ফোনে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে উৎকণ্ঠা ছাড়ায় তার বাংলাদেশের বাসায়। পাশাপাশি গোপাল বিশ্বাসও উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপরই কোনো উপায়ান্তর না দেখে গত ১৮ মে শনিবার বরানগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস। অভিযোগ পেয়ে বরানগর থানা তদন্তে নামে।
ভারতে বাংলাদেশিদের দ্বারা খুন হয়েছেন এমপি আজীম : স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম ভারতের পশ্চিমবঙ্গে খুন হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। তাকে ভারতের কেউ খুন করেনি। বাংলাদেশিরাই তাকে খুন করেছে। এ নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ফাটলের কোনো সম্ভাবনা নেই।
বুধবার বেলা দেড়টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উল্লেখ্য, আনোয়ারুল আজিম ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিন বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আজকের সিলেট/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








