সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৬ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন ইউনিট। একই সময়ে নগরীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ১২৪টি যানবাহনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপির মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। আটক ৪৬ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত ও বিনা পরোয়ানার আসামি, মাদক কারবারি এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া মেট্রো অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে ভারতীয় ফেসওয়াশ, সিরাম ও ক্রিমের পাশাপাশি ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৫২টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ জেকেএস









