লাউয়াছড়ায় হুক ছিঁড়ে ৪ ঘণ্টা আটকা পাহাড়িকা এক্সপ্রেস, পরে ট্রেন চলাচল স্বাভাবিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ PM

লাউয়াছড়ায় হুক ছিঁড়ে ৪ ঘণ্টা আটকা পাহাড়িকা এক্সপ্রেস, পরে ট্রেন চলাচল স্বাভাবিক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৬ ০৬:৩৩:২৯ PM

লাউয়াছড়ায় হুক ছিঁড়ে ৪ ঘণ্টা আটকা পাহাড়িকা এক্সপ্রেস, পরে ট্রেন চলাচল স্বাভাবিক


বগির হুক ছিঁড়ে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রায় চার ঘণ্টা আটকা পড়ে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস। শুক্রবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনার পর ট্রেনের সাতটি বগি বনের ভেতরে আটকে যায়। পরে বিকল্প ইঞ্জিন এনে সোয়া ৫টার দিকে বগিগুলো সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে পাহাড়িকা এক্সপ্রেস।

জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশের পর ট্রেনটির একটি বগির হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনের ইঞ্জিনসহ নয়টি বগি সামনে চলে গিয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছে। অন্যদিকে পেছনের সাতটি বগি লাউয়াছড়া বনের ভেতরেই আটকে পড়ে।

দুর্ঘটনার পর বিকল্প ইঞ্জিন পাঠিয়ে আটকে থাকা সাতটি বগি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। পরে বিকেল সোয়া ৫টার দিকে বগিগুলো সরিয়ে নেওয়া সম্ভব হলে রেলপথে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

এ সময় প্রায় চার ঘণ্টা বনের ভেতরে আটকে থাকতে হয় সাতটি বগিতে থাকা যাত্রীদের। দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় দুর্ভোগে পড়েন তারা।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, সোয়া ৫টার দিকে আটকে থাকা বগিগুলো উদ্ধার করা হয়েছে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর