মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ: সাংবাদিকের বাসায় পিস্তল দেখিয়ে হামলা ও লুটের অভিযোগ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ PM

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ: সাংবাদিকের বাসায় পিস্তল দেখিয়ে হামলা ও লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/১০/২০২৬ ০৬:০২:১৫ PM

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ: সাংবাদিকের বাসায় পিস্তল দেখিয়ে হামলা ও লুটের অভিযোগ


সিলেট নগরীর শিববাড়ি এলাকায় দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরীর বাসায় ঢুকে হামলা, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও নগদ দুই লক্ষ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পার্কভিউ মেডিকেল কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল আহাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরী।

শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর শিববাড়ি এলাকায় নিজের বাসভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাদিকুর রহমান চৌধুরী।

সাংবাদিকের অভিযোগ, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর থেকেই একটি পক্ষ তাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে কয়েকজন ব্যক্তি তার বাসার সামনে এসে গালিগালাজ শুরু করেন। পরে তারা বাসার ভেতরে প্রবেশ করে তাকে ভয়ভীতি ও হুমকি দেন।

সাংবাদিক সাদিকুর চৌধুরীর দাবি, এ সময় তাদের একজন পিস্তল বের করে তাকে ভয় দেখান। পরে বাসায় থাকা নগদ দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়।

সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। শুক্রবার একপর্যায়ে এসে পিস্তল দেখিয়ে আমাকে ভয় দেখানো হয়েছে। এ সময় আমার ঘরে থাকা নগদ দুই লক্ষ টাকা লুট করে তারা।’

তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। আমার বাসায় হামলা ও লুটপাটের পেছনে একটি কারণ থাকতে পারে বলে আমি মনে করি। আমি তাদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশ করেছিলাম। তাদের সঙ্গে মাদকের সম্পৃক্ততা রয়েছে এমন তথ্যের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করা হয়েছিল।’

ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরী। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল কয়েকজন ব্যক্তি। শুক্রবার সকালে কয়েকজনের বাসায় প্রবেশ, হুমকি-ধমকি এবং নগদ টাকা লুটের ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে কদমতলী ফাঁড়ি ইনচার্জ এএসআই মফিজ বলেন, পত্রিকায় কি জানি একটা বিষয়ে তিনি লেখালেখি করছেন এ নিয়ে সমস্যা জড়িয়ে যায়। 

তিনি বলেন, ভিডিও ধারনের সময় আব্দুল আহাদ সাদিকুর রহমান চৌধুরীর মোবাইল ফোন নিয়ে নেন। পরে আমরা গিয়া উদ্ধার করি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর