বিমানবন্দরের কর্মকর্তাকে হুমকির মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ AM

বিমানবন্দরের কর্মকর্তাকে হুমকির মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৬ ০৮:১৭:২৬ PM

বিমানবন্দরের কর্মকর্তাকে হুমকির মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। বাংলানিউজকে তিনি বলেন, ‘অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম জানান, উত্তরা বিভাগের পুলিশের রিকুইজিশনের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ ক্যান্টনমেন্ট এলাকার বাসভবন থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে। বিমানবন্দর থানায় হস্তান্তরের পর তাকে আইন অনুযায়ী আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

মামলার এজাহার থেকে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) যাত্রীদের চাপের কারণে বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। এতে যাত্রীরা লাগেজ পেতে দেরির মুখে পড়েন।

এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিলে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

এজাহারে অভিযোগ করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী পরিচালক কথা বলার সময় মেজর (অব.) আখতারুজ্জামান তার সঙ্গে উত্তপ্ত আচরণ করেন। এ সময় তাকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

ঘটনার সময় আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত (কেপিআই) এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সেখানে দায়িত্ব পালনরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও ধারণে নিষেধ করলে আখতারুজ্জামান তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া অন্য যাত্রীদের ট্রলিতে থাকা জমজমের পানির বোতল ফেলে দিয়ে ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও রয়েছে এজাহারে।

এজাহারকারীর অভিযোগ, এসব কর্মকাণ্ডের ফলে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত স্থাপনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়। পাশাপাশি বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ ঘটনায় দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। এসব ধারায় সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান এবং ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগের বিষয় রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যসহ অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর