আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ PM

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৬ ১১:২১:০৮ AM

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তাঁর অভিযোগ, ধর্মের লেবাস ব্যবহার করে কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পাশাপাশি পাশের একটি দেশে আশ্রয় নেওয়া বাংলাদেশের কিছু পলাতক ব্যক্তি সুযোগের অপেক্ষায় থেকে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার তৎপরতা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, ছোট একটি বিষয়কে সামনে এনে সেটিকে বড় করে দেখানোর চেষ্টা করছে কিছু মানুষ। পরে বিষয়টি ভুলভাবে প্রচারের জন্য গুপ্ত বাহিনী ও বট বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

চিফ হুইপ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে যা যা প্রয়োজন, তা করা হবে। কোনো পক্ষকেই পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না।

নুরুল ইসলাম মনি আরও দাবি করেন, পাশের একটি দেশে বাংলাদেশের কিছু পলাতক ব্যক্তি আশ্রয় নিয়ে সুযোগের অপেক্ষায় রয়েছে। তারা সম্মিলিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে। হাদির খুনিও সেখানে আশ্রয় পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

যারা এসব তৎপরতায় সহযোগিতা করছে, তাদের সম্পর্কে সরকার অবগত আছে জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, প্রয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার যেকোনো ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে। একই সঙ্গে সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সংবিধান সংশোধনের বিষয়েও কথা বলেন চিফ হুইপ। তিনি জানান, এ নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং আগামী সংসদ অধিবেশনে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। সংবিধানে আল্লাহর ওপর বিশ্বাসের বিষয়টি পুনঃস্থাপনেরও চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

ধর্মীয় মূল্যবোধের প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, খতিব ও পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং সেই মূল্যবোধ সামনে এগিয়ে নিতে প্রয়োজনীয় কাজ করছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সব ধর্মের মানুষ যাতে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান চিফ হুইপ।

এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর