মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলাকাটা অবস্থায় নারীর মৃত্যু, রহস্য উদ্‌ঘাটনে তদন্ত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ PM

মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলাকাটা অবস্থায় নারীর মৃত্যু, রহস্য উদ্‌ঘাটনে তদন্ত

বিশ্বম্ভপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৩:৩৬:৩০ PM

মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলাকাটা অবস্থায় নারীর মৃত্যু, রহস্য উদ্‌ঘাটনে তদন্ত


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া মারজিয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে রক্তাক্ত অবস্থায় তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কীভাবে তাঁর গলা কাটা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মারজিয়া বেগম জামালগঞ্জ উপজেলার মাহমদপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী আব্দুল খান সাহেব একজন আলেম।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশ্বম্ভরপুর থানার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মারজিয়া বেগম। তাঁর মেয়ে সাদিয়া বেগম ওই গ্রামের সুলতান মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকেন।

সোমবার গভীর রাতে সাদিয়া বেগম ও তাঁর স্বামী রক্তাক্ত অবস্থায় মারজিয়া বেগমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তবে মারজিয়া বেগম কীভাবে গলাকাটা অবস্থায় আহত হয়েছেন কিংবা এর পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর তাঁর স্বজনেরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। ফলে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ‘গভীর রাতে একজন গলাকাটা নারীকে রক্তাক্ত অবস্থায় তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ উল্লাহ বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর