সিলেটে হামের পরিস্থিতির উন্নতি নেই, এক দিনে হাসপাতালে ২০১ সন্দেহজনক রোগী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ PM

সিলেটে হামের পরিস্থিতির উন্নতি নেই, এক দিনে হাসপাতালে ২০১ সন্দেহজনক রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০২:৪৪:১৯ PM

সিলেটে হামের পরিস্থিতির উন্নতি নেই, এক দিনে হাসপাতালে ২০১ সন্দেহজনক রোগী


সিলেট বিভাগে হামের পরিস্থিতিতে এখনও দৃশ্যমান উন্নতি নেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত কেউ শনাক্ত না হলেও সন্দেহজনক হামে আক্রান্ত ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের মঙ্গলবার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮০ জনে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২০১ জনের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন রয়েছেন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এবং কোম্পানীগঞ্জে দুজন ভর্তি হয়েছেন।

একই সময়ে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৮ জন সন্দেহজনক হামের রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব বলছে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ৬২৩ জন চিকিৎসাধীন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৭ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৯ জন রয়েছেন। রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, নর্থ ইস্ট হাসপাতালে তিনজন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে আটজন চিকিৎসাধীন।

এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, বিশ্বনাথে তিনজন, বিয়ানীবাজারে পাঁচজন, গোলাপগঞ্জে নয়জন এবং ফেঞ্চুগঞ্জে পাঁচজন ভর্তি রয়েছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪৬ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৯৬ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জে নিশ্চিত আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।

মৃত্যুর হিসাবেও পরিস্থিতি উদ্বেগজনক। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হামে সিলেটে ৬৯ জন, হবিগঞ্জে ২২ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে এক এবং সুনামগঞ্জে এক।

সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর হিসাব একত্র করলে সিলেটে মৃতের সংখ্যা ৭৩, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জন।

এক দিনে নতুন করে নিশ্চিত হামের রোগী শনাক্ত না হলেও ২০১ জন সন্দেহজনক রোগীর হাসপাতালে ভর্তি এবং আরও একজনের মৃত্যু পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। বিভাগের হাসপাতালগুলোতে এখনও ছয় শতাধিক সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর