সিলেট জেলা প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেটভিউ২৪ডটকম’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক তুহিনুল হক তুহিন মারা গেছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে সিলেট নগরীর সাদারপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সিলেটের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তুহিনুল হক তুহিন। দীর্ঘ এই পেশাজীবনে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, অপরাধ, জনদুর্ভোগ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করেছেন তিনি।
সাংবাদিকতায় দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের জন্য সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন তুহিনুল হক তুহিন। সিলেটের নানা গুরুত্বপূর্ণ ঘটনা তার প্রতিবেদনের মাধ্যমে পাঠকদের সামনে উঠে এসেছে।
তার মৃত্যুতে সিলেটের গণমাধ্যম অঙ্গনে একজন অভিজ্ঞ সংবাদকর্মীর শূন্যতা তৈরি হলো।
আজকের সিলেট/ জেকেএস









