জৈন্তাপুরে শিক্ষকসংকট এক মাসে সমাধানের আশ্বাস মন্ত্রীর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ AM

জৈন্তাপুরে শিক্ষকসংকট এক মাসে সমাধানের আশ্বাস মন্ত্রীর

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৮:২১:২৩ PM

জৈন্তাপুরে শিক্ষকসংকট এক মাসে সমাধানের আশ্বাস মন্ত্রীর


সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষকসংকট এক মাসের মধ্যে দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পাশাপাশি জৈন্তাপুরকে দ্রুত পৌরসভা ঘোষণার মাধ্যমে পরিকল্পিত উন্নয়নের নতুন ধারায় নেওয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি। শুক্রবার সকাল ১১টার দিকে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা ও শিক্ষকস্বল্পতার প্রসঙ্গ তুলে আরিফুল হক চৌধুরী বলেন, একটি প্রাচীন সরকারি উচ্চ বিদ্যালয়ের এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবিগুলো শুনে তিনি শিক্ষকসংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান। আগামী এক মাসের মধ্যে শিক্ষকস্বল্পতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

নতুন ছয়তলা ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ের পাঠদানের পরিবেশ আরও সুন্দর ও উন্নত হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। তবে শিক্ষার উন্নয়নকে শুধু অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে।

জৈন্তাপুরের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এলাকাবাসী বিভিন্ন দৃশ্যমান উন্নয়নকাজের অগ্রগতি দেখতে পাবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

একই সঙ্গে জৈন্তাপুরকে দ্রুত সময়ে পৌরসভা ঘোষণার মাধ্যমে নতুন ধারায় উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তাঁর মতে, জৈন্তাপুরের উন্নয়নকে একটি পরিকল্পিত কাঠামোর মধ্যে এগিয়ে নিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সড়ক ও অবকাঠামোসহ সব স্তরে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ প্রয়োজন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়েও বক্তব্য দেন মন্ত্রী। তিনি বলেন, যারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং জনগণের সেবা নিশ্চিত করতে আন্তরিক থাকবেন, তাদের স্বাগত জানানো হবে। তবে দায়িত্ব পালনে অবহেলা, কাজে ফাঁকি দেওয়া কিংবা সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন না করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের প্রতি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বানও জানান তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এডিপির বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি এবং গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

পরে বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সামছুল আরেফিন খান, জৈন্তাপুরের ইউএনও সুনন্দা রায়, কানাইঘাট সার্কেলের এএসপি মো. নুমান, জৈন্তাপুর মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পালসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর