সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর পূজা উদযাপন ফ্রন্টের দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার দিরাই পৌরশহরের থানা রোডে বিএনপির কার্যালয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রতি রঞ্জন দাসের সভাপতিত্বে সম্মেলনটি পরিচালনা করেন সদস্য সচিব পংকজ দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদার। সম্মেলনের উদ্বোধন করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব এডভোকেট দীপংকর বনিক সুজিত।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজিত দাস এবং বিশেষ বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক ও পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান। এ সময় ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সম্মেলনের শেষ পর্যায়ে সর্বসম্মতিক্রমে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি পদে রতি রঞ্জন দাস এবং সাধারণ সম্পাদক পদে পংকজ দাস নির্বাচিত হন। একইভাবে পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নির্বাচিত হয়েছেন হরিপদ দেবনাথ এবং সাধারণ সম্পাদক হয়েছেন টপলু চন্দ।
আজকের সিলেট/ জেকেএস
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








