রোহিঙ্গা সংকট সমাধানে চীন-ভারতের কার্যকর ভূমিকা চান ডা. শফিকুর রহমান
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ AM

রোহিঙ্গা সংকট সমাধানে চীন-ভারতের কার্যকর ভূমিকা চান ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ০৮:২৫:২২ PM

রোহিঙ্গা সংকট সমাধানে চীন-ভারতের কার্যকর ভূমিকা চান ডা. শফিকুর রহমান

রোহিঙ্গা সংকট সমাধানে চীন-ভারতের কার্যকর ভূমিকা চান ডা. শফিকুর রহমান/ ছবি: সোহেল আহমেদ


রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে চীন ও ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে চলা এ সংকটের স্থায়ী সমাধান বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক উদ্যোগ জরুরি। বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বিষয়টি কেবল বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দিয়ে আসছে। একাধিকবার রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, সেখানে বসবাসরত মানুষের দুর্ভোগ ও জীবনযাত্রার বাস্তবতা কাছ থেকে দেখেছেন তিনি।

তার মতে, সাময়িক আর্থিক সহায়তার মাধ্যমে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। রোহিঙ্গারা যাতে সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারেন, সে জন্য প্রয়োজন কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ।

প্রত্যাবাসনের পথে মিয়ানমারের চলমান অস্থিতিশীলতাকে একটি বড় জটিলতা হিসেবে তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, দেশটিতে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করছে একাধিক সশস্ত্র গোষ্ঠী। এমন পরিস্থিতিতে প্রত্যাবাসন নিয়ে কার সঙ্গে আলোচনা ও সমঝোতা করা হবে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

এ সংকট নিরসনে প্রতিবেশী দেশগুলোর ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের পাশাপাশি চীন ও ভারতেরও গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেশ দুটির সহযোগিতা এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ তৈরি করতে পারে।

দীর্ঘদিন ধরে শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষ অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। এরই মধ্যে শিবিরে নতুন প্রজন্ম বেড়ে উঠছে, অথচ তাদের শিক্ষার সুযোগ সীমিত।

রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও কর্মদক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি উৎপাদনমুখী কাজে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। সীমিত পরিসরে জীবিকা অর্জনের সুযোগ তৈরি হলে শিবিরে অবস্থানকালেও রোহিঙ্গারা কিছুটা স্বাবলম্বী হতে পারবেন।

শফিকুর রহমানের মতে, দীর্ঘদিন শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে রোহিঙ্গাদের বেড়ে ওঠা শুধু বাংলাদেশের নয়, গোটা অঞ্চলের নিরাপত্তার জন্যও উদ্বেগের বিষয়। এ কারণে সংকটটি দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়কে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এ কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিসিকের জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর