সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৯৭ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামিরা রয়েছেন।
অভিযান চলাকালে পুলিশ ২ কেজি গাঁজা ও ৫০ বস্তা সুপারি উদ্ধার করেছে।
অন্যদিকে, নগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১৪০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৫৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৩টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
আজকের সিলেট/ জেকেএস









