সিলেটে হাম পরিস্থিতিতে নতুন উদ্বেগ, আরও এক শিশুর মৃত্যু
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ AM

সিলেটে হাম পরিস্থিতিতে নতুন উদ্বেগ, আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৫:৫২:১৪ PM

সিলেটে হাম পরিস্থিতিতে নতুন উদ্বেগ, আরও এক শিশুর মৃত্যু


সিলেট বিভাগে হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ছয় মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোনো নতুন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী।

নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১৮১ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২৯ জন সন্দেহজনক হাম রোগী। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৫ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮০ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির বয়স ছয় মাস। হবিগঞ্জের বাসিন্দা শিশুটি হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। প্রতিবেদনে তার বাবার নাম মইনুল ইসলাম উল্লেখ করা হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে সিলেটে সন্দেহজনক হাম রোগে ৬৫ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে এই সংখ্যা যথাক্রমে ২২ ও ৪ জন। মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগে ১৪ জন এবং নিশ্চিত হাম রোগে ১ জন মারা গেছেন। সুনামগঞ্জে এ সংখ্যা যথাক্রমে ৬৫ ও ১ জন।

সব মিলিয়ে বিভাগে সন্দেহজনক হাম রোগে ১৬৬ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬ জনে।

এক দিনে আরও একজনের মৃত্যু এবং বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬০০ ছাড়িয়ে যাওয়ায় বিভাগটির হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর