মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, কর্মকর্তা নিহত
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ PM

মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, কর্মকর্তা নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০৪:৪১:২৮ PM

মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, কর্মকর্তা নিহত


হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্পিনিং সাইডে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর জগদীশপুর ইউনিয়নের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সামিউল হক (২৫) ও সামছুল ইসলাম (২২) নামে আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্পিনিং সাইডে দায়িত্ব পালন করছিলেন সোহেল রানা, সামিউল হক ও সামছুল ইসলাম। কাজের মধ্যে হঠাৎ একটি কম্প্রেসার বিস্ফোরিত হলে তিনজনই গুরুতর আহত হন। পরে সহকর্মীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। আহত সামিউল হক ও সামছুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সোহেল রানা নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেওয়ানবাগ এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

আহত সামিউল হক কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বাবাইতারি এলাকার এমদাদুল হকের ছেলে। তাঁর বয়স ২৫ বছর। অপর আহত সামছুল ইসলাম (২২) মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে যায়। সেখানে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর