সুনামগঞ্জে বৃষ্টির মধ্যেই ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে সার্কিট হাউসের সামনে আকস্মিকভাবে বের হওয়া এ মিছিলে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মিছিলটির নেতৃত্ব দেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান পলাশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে বৃষ্টি চলার সময় সার্কিট হাউস এলাকায় হঠাৎ একত্র হন ১৫ থেকে ২০ জন যুবক। পরে তাঁরা মিছিল বের করে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর মিছিলটি শেষ হয়।
ঘটনার পর মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজন যুবককে বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দেখা যায়।
সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের বিষয়টি দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।’
আজকের সিলেট/ জেকেএস
সুনামগঞ্জ প্রতিনিধি 








