নগরীর মিরবক্সটুলা এলাকার আল-মদীনা ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে ফার্মেসিটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ফার্মেসির সামনেই পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার দুপুরে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গেইটের বিপরীতে অবস্থিত আল-মদীনা ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ফার্মেসির ফ্রিজে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব ওষুধের বিষয়ে ভোক্তা অধিকার কর্মকর্তারা জানতে চাইলে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। পরে মেয়াদোত্তীর্ণ সব ওষুধ ফার্মেসির সামনেই পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া। তাঁর সঙ্গে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওষুধের মেয়াদ শেষ হয়ে গেলে তা মানুষের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। এরপরও কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মাধ্যমে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছেন।
সহকারী পরিচালক মো. আরিফ মিয়া বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ জেকেএস









