বিরোধী মতের জায়গা সংকুচিত হলেও ডিআরইউ আশ্রয় দিয়েছে: রিজভী
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ PM

বিরোধী মতের জায়গা সংকুচিত হলেও ডিআরইউ আশ্রয় দিয়েছে: রিজভী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৯:৪৬:০৮ AM

বিরোধী মতের জায়গা সংকুচিত হলেও ডিআরইউ আশ্রয় দিয়েছে: রিজভী


ফ্যাসিবাদী সময়ে বিরোধী মত প্রকাশের সুযোগ যখন ক্রমেই সংকুচিত হয়ে পড়েছিল, তখন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কিছুটা আশ্রয়ের জায়গা হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতেও অংশ নেন রিজভী।

নিজেদের দলীয় কার্যালয়ে বিভিন্ন সময়ে আশ্রয়ের সুযোগ না থাকায় ডিআরইউকে নিরাপদ জায়গা মনে হতো বলে জানান তিনি। রিজভীর ভাষায়, ফ্যাসিবাদী সময়ে বিরোধী মতের মানুষ কোথায় দাঁড়িয়ে কথা বলবেন, সেই সুযোগই ছিল না। সেই পরিস্থিতিতে কিছুটা জায়গা ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।

জুলাই আন্দোলনের সময় নিজের গ্রেপ্তারের ঘটনাও অনুষ্ঠানে তুলে ধরেন রিজভী। তিনি বলেন, ১৯ জুলাই প্রেস ক্লাবের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রেস ক্লাবের তৎকালীন কর্তৃপক্ষের নির্দেশেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে তিনি শুনেছেন, যদিও এর সত্যতা সম্পর্কে তিনি নিশ্চিত নন।

গত ১৭ বছরের গণমাধ্যম পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, দেশে অনেক টেলিভিশন ও সংবাদপত্র থাকলেও মতপ্রকাশের সুযোগ সীমিত ছিল। যারা এর বাইরে নিজেদের মত তুলে ধরার চেষ্টা করেছেন, তাদের কেউ ভয়ভীতি, কেউ গুম এবং কেউ কারাবরণের শিকার হয়েছেন।

তবে নানা প্রতিকূলতার মধ্যেও মাঠপর্যায়ের সাংবাদিকেরা গণতন্ত্রের আলো জ্বালিয়ে রেখেছেন বলে মন্তব্য করেন তিনি। তার মতে, সংবাদপত্র ও গণমাধ্যমের দায়িত্ব হলো তথ্য যাচাই-বাছাই করে সত্য প্রকাশ করা। সেই সত্য তুলে ধরতে গিয়ে জীবনের ঝুঁকি তৈরি হলেও সাংবাদিকদের তা গ্রহণ করতে হয়।

গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই উল্লেখ করে রিজভী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হলে সমাজে সন্ত্রাস ও দুর্নীতি কমবে। এর মাধ্যমে সমাজ আরও পরিচ্ছন্ন হয়ে উঠবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর