১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ PM

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৩:১১:৫৭ PM

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল


আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদিনের সফরে তিনি সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

রাষ্ট্রপতির সফরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সোমবার সকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ।

সভায় জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতি বিমানযোগে সিলেটে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সফর শেষে একই দিন বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি। প্রাথমিকভাবে রাষ্ট্রপতির কার্যালয় থেকে জেলা প্রশাসনকে এ সফরসূচির বিষয়ে অবহিত করা হয়েছে।

রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। সফরের বিভিন্ন কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা, সড়ক ও যান চলাচল নিয়ন্ত্রণসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাঈ রাফিন সরকার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। সভাটি পরিচালনা করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা।

এতে সিলেট মহানগর পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে রাষ্ট্রপতির সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তরগুলো নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রস্তুতি নেবে। বিশেষ করে নিরাপত্তা ও রাষ্ট্রপতির চলাচলের সময় প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেট নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সফরের কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর