পুটিজুরী বন বিট পরিদর্শনে ডিএফও, চারা রোপণ ও গাছ আহরণে নির্দেশনা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ PM

পুটিজুরী বন বিট পরিদর্শনে ডিএফও, চারা রোপণ ও গাছ আহরণে নির্দেশনা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০১:৫২:০৮ PM

পুটিজুরী বন বিট পরিদর্শনে ডিএফও, চারা রোপণ ও গাছ আহরণে নির্দেশনা


হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বন বিটে বন ব্যবস্থাপনা ও চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ আবদুর রহমান। এ সময় বনাঞ্চলের শূন্যস্থানে চারা রোপণ, আগাছা পরিষ্কার এবং নিলামকৃত খাড়া গাছ বিধি অনুযায়ী আহরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জের আওতাধীন পুটিজুরী বন বিট এলাকায় ২০২৫ সালের ১০ এস-আর ও ১৫ এল-আর হেক্টর বাগান সরেজমিনে পরিদর্শন করেন ডিএফও।

পরিদর্শনের সময় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দফা উইডিং (আগাছা পরিষ্কার) কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বাগানের শূন্যস্থানে চারা রোপণ কার্যক্রম যাতে সফলভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বন বিভাগের চলতি বছরের কার্যক্রমের অংশ হিসেবে নিলামকৃত খাড়া গাছের লটও বিধি মেনে আহরণের ওপর গুরুত্ব দেন মোহাম্মদ আবদুর রহমান।

তিনি বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরে নির্ধারিত খাড়া গাছের নিলামকৃত লটের গাছ বিধি অনুযায়ী আহরণ নিশ্চিত করা হবে।

পাশাপাশি বনাঞ্চলের সার্বিক রক্ষণাবেক্ষণ ও প্রাকৃতিক বন রক্ষার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণেও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান বিভাগীয় বন কর্মকর্তা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর