হাম নিয়ে সিলেটে স্বস্তির খবর, কিন্তু এক দিনে ১৫১ রোগী ভর্তি হওয়ায় উদ্বেগ বহাল
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ PM

হাম নিয়ে সিলেটে স্বস্তির খবর, কিন্তু এক দিনে ১৫১ রোগী ভর্তি হওয়ায় উদ্বেগ বহাল

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ১২:১৯:২৯ PM

হাম নিয়ে সিলেটে স্বস্তির খবর, কিন্তু এক দিনে ১৫১ রোগী ভর্তি হওয়ায় উদ্বেগ বহাল


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। একই সময়ে হাম বা সন্দেহজনক হাম রোগে কারও মৃত্যুর খবরও পাওয়া যায়নি। তবে হাসপাতালগুলোতে রোগীর চাপ কমেনি; বর্তমানে ৪২১ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একদিনেই নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫১ জন। সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হামের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৪ জন। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ভর্তি হয়েছেন।

বর্তমানে ৪২১ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৪৯ জন চিকিৎসাধীন আছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রয়েছেন ১৪৮ জন।

অন্য হাসপাতালগুলোর মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আটজন চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া নর্থ ইস্ট হাসপাতালে পাঁচজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, জকিগঞ্জে একজন, কোম্পানীগঞ্জে তিনজন, বিয়ানীবাজারে পাঁচজন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন সন্দেহজনক হাম রোগী ভর্তি আছেন। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাতজন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। নিশ্চিত রোগীদের তালিকায় দুইজন রুবেলা রোগীও রয়েছেন।

নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত না হওয়া এবং গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা না ঘটায় পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। তবে এর আগে বিভাগটির বিভিন্ন জেলায় হাম ও সন্দেহজনক হাম রোগে মৃত্যুর ঘটনা ঘটেছে।

জেলা-ভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৬০ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৮ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগ মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৫৮ জন।

ফলে নতুন নিশ্চিত রোগী শনাক্ত ও একদিনে মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এলেও হাসপাতালগুলোতে ৪২১ জন সন্দেহজনক রোগীর চিকিৎসাধীন থাকা এবং একদিনে ১৫১ জনের নতুন ভর্তি হওয়ার তথ্যই বলছে, পরিস্থিতির ওপর এখনো যথেষ্ট চাপ রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর