জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ PM

জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৪:২১:২০ PM

জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম


সিলেট অঞ্চলে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ বদরুজ্জামান সেলিম।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়। বদরুজ্জামান সেলিম সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহসভাপতির দায়িত্বেও রয়েছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৪ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে বদরুজ্জামান সেলিমকে জালালাবাদ গ্যাসের পরিচালক পদে মনোনয়ন দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড সিলেট অঞ্চলে গ্যাস বিতরণের দায়িত্বে রয়েছে। নতুন করে বদরুজ্জামান সেলিমকে পরিচালক পদে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে সিলেটের আরও একজন বিএনপি নেতা সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।

সরকার গঠনের পর এখন পর্যন্ত সিলেটের অন্তত পাঁচজন বিএনপি নেতা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় দায়িত্ব পেয়েছেন। তাদের মধ্যে সিলেট ওয়াসার চেয়ারম্যান হয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। আর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে মহানগর বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে।

এদের মধ্যে কয়েস লোদী ছাড়া অন্যরা সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের বিভিন্ন আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে তারা কেউ দলীয় মনোনয়ন পাননি। সরকার গঠনের পর তাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে রেজাউল হাসান কয়েস লোদী আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর