ট্রিপল মার্ডারে নিহত দম্পতির দাফন সম্পন্ন, মামলা করবেন ছেলে
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ PM

ট্রিপল মার্ডারে নিহত দম্পতির দাফন সম্পন্ন, মামলা করবেন ছেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ০৬:৪৭:২৮ PM

ট্রিপল মার্ডারে নিহত দম্পতির দাফন সম্পন্ন, মামলা করবেন ছেলে


রায়নগরে মিতালী আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় নিহত দম্পতি আব্দুস সাত্তার (৮২) ও সুরাইয়া বেগমের (৭৬) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মানিক পীরের টিলায় তাদের মরদেহ দাফন করা হয়।

নিহত আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ছিলেন। পাশাপাশি তিনি মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে প্রবাসে থাকা স্বজনেরা দেশে ফেরার পর নিহতদের বাসায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার যুক্তরাজ্যপ্রবাসী নিহত দম্পতির দুই মেয়ে সিলেটে পৌঁছান। পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তাদের একমাত্র ছেলে আরিফ ইফতেখার। বিমানবন্দর থেকে সরাসরি রায়নগরের বাসভবনে গিয়ে মা-বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, দাফন সম্পন্ন হওয়ার পর নিহতদের ছেলে আরিফ ইফতেখার কোতোয়ালী মডেল থানায় এ ঘটনায় মামলা দায়ের করবেন।

উল্লেখ্য, বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা তাহমিনাকে নৃশংসভাবে হত্যা করা হয়।

পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলেই এ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের কাছের এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরাটি উদ্ধার করা হয়।

পুলিশের তদন্ত ও ঘাতকের স্বীকারোক্তি অনুযায়ী, গৃহকর্মী তাহমিনার সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে বাবুল ওই বাসায় প্রবেশ করেন। অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে তাহমিনার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবুল ছুরি দিয়ে তাহমিনাকে আঘাত করেন। এ সময় গৃহকর্ত্রী সুরাইয়া বেগম বাধা দিতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে আব্দুস সাত্তার বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে বাবুল বারান্দা দিয়ে পালিয়ে যান।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর