চা নিলামে এনটিসির সর্বকালের রেকর্ড, কেজি ২৮৬ টাকা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১০ PM

চা নিলামে এনটিসির সর্বকালের রেকর্ড, কেজি ২৮৬ টাকা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ০৪:৪২:৫৭ PM

চা নিলামে এনটিসির সর্বকালের রেকর্ড, কেজি ২৮৬ টাকা


দেশের চা শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি)। চট্টগ্রাম চা নিলাম বাজারে সর্বশেষ অনুষ্ঠিত নিলামে প্রতিষ্ঠানটির ১২টি চা বাগানের উৎপাদিত চা বিক্রিতে গড়েছে সর্বকালের নতুন রেকর্ড। উচ্চমূল্যে বিপুল পরিমাণ চা বিক্রির এই সাফল্য প্রতিষ্ঠানটির অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি দেশের চা শিল্পেও তৈরি করেছে নতুন দৃষ্টান্ত।

কোম্পানি সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট চট্টগ্রাম চা নিলামকক্ষে অনুষ্ঠিত নিলামে ন্যাশনাল টি কোম্পানির ১২টি বাগানের চা নিয়ে ক্রেতাদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। নিলামে প্রতিযোগিতামূলক দর বাড়তে থাকায় শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির চা বিক্রিতে নতুন রেকর্ড তৈরি হয়।

সর্বশেষ নিলামে কোম্পানির মোট ১ লাখ ৫১ হাজার ৫৬০ কেজি চা বিক্রি হয়েছে। প্রতি কেজি চায়ের গড় মূল্য দাঁড়িয়েছে ২৮৬ টাকা ৫৯ পয়সা, যা নির্ধারিত ফ্লোর প্রাইসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। একই নিলামে প্রতিষ্ঠানটির সব কটি বাগানের চায়ের গড় মূল্যই ২৮০ টাকার ওপরে ছিল, যা চা নিলামের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

কোম্পানি সংশ্লিষ্টরা বলছেন, এই সাফল্যের পেছনে রয়েছে চা বাগানের শ্রমিকদের নিরলস পরিশ্রম ও পরিচর্যা। ‘দুটি পাতা ও একটি কুঁড়ি নীতি অনুসরণ করে উন্নতমানের কাঁচা পাতা সংগ্রহের পাশাপাশি আধুনিক প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উৎপাদিত চায়ের গুণগত মান ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এর ফলে সুগন্ধ, রং ও স্বাদের দিক থেকে উৎকৃষ্ট চা ক্রেতাদের আকৃষ্ট করছে এবং নিলাম বাজারে ভালো দাম পাচ্ছে।


কোম্পানির তথ্য অনুযায়ী, সর্বশেষ নিলামে মোট ৪ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার ৭২২ টাকার চা বিক্রি হয়েছে। শুধু বিক্রিতে নয়, উৎপাদনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটির চা উৎপাদন আগের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে।


প্রতিষ্ঠানটির মতে, উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং চায়ের গুণগত মান উন্নয়নে ধারাবাহিক উদ্যোগের ফলেই এই সাফল্য এসেছে।


চা শিল্পসংশ্লিষ্টদের মতে, এনটিসির এই অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়; এটি বাংলাদেশের চা শিল্পের সম্ভাবনারও উজ্জ্বল প্রতিফলন। সঠিক পরিকল্পনা, গুণগত মানের প্রতি অঙ্গীকার এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের চা বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারে বলে তারা মনে করছেন।


ন্যাশনাল টি কোম্পানির কোম্পানি সচিব এ. কে. আজাদ চৌধুরী জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে চা উৎপাদন এবং দেশের চা শিল্পের উন্নয়নে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এ পথচলায় ক্রেতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।

আজকের সিলেট/ ডিএম / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর